Tuesday, January 27, 2015

বৈদেশিক সহায়তায় ভাটা:যুগান্তর

উন্নয়নে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতিতে গতি আসছে না অর্থবছরের ছয় মাসেও। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১০০ কোটি ৩৩ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আগের অর্থবছরের একই সময়ে ১৫৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার সহায়তার প্রতিশ্রুতি এসেছিল। এ হিসেবে ছয় মাসে নতুন সহায়তার প্রতিশ্রুতি কমেছে প্রায় ৩৪ শতাংশ। এ অবস্থায় ৬০০ কোটি মার্কিন ডলার ঋণচুক্তির লক্ষ্য অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ইআরডি বলছে, বিশ্বব্
যাংকসহ বেশ কয়েকটি দাতা সংস্থা জানুয়ারিতে অর্থ সহায়তার চুক্তি সম্পাদন করেছে। এজন্য জানুয়ারি মাসেই এ চিত্র পরিবর্তন আসবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হিসেবে এ তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ৮১ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ ঋণচুক্তি হয়েছে। একই সময়ে অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে ১৯ কোটি ১৩ লাখ ডলার। সব মিলে নতুন সহায়তার প্রতিশ্রুতি এসেছে ১০০ কোটি ৩৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ১২৬ কোটি ৪৭ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। ২৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলার অনুদানসহ মোট প্রতিশ্রুতি ছিল ১৫৪ কোটি ১৯ লাখ ডলার। এ প্রসঙ্গে জানতে চাইলে ইআরডির সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন যুগান্তরকে বলেন, চলতি জানুয়ারিতে বিশ্বব্যাংকসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পাদন হয়েছে, যা জানুয়ারির হিসাবে যুক্ত হবে। এতে অর্থবছরের উন্নয়ন বাজেটে প্রতিশ্র“তি আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার কাছাকাছি পৌঁছা সম্ভব হবে। ইআরডির তথ্য অনুসারে, নতুন প্রতিশ্রুতি কমে এলেও অর্থবছরের প্রথম ছয় মাসে দাতাদের অর্থছাড় বেড়েছে। ছয় মাসে ১৫০ কোটি ১৬ লাখ ডলার ছাড় করেছে দাতারা। এর মধ্যে ১২৭ কোটি ৯৩ লাখ ডলার ঋণ বাবদ এসেছে। আর অনুদান বাবদ এসেছে ২২ কোটি ২২ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ১৩০ কোটি ৯৩ লাখ ডলার ছাড় হয়েছিল। এর মধ্যে ঋণের পরিমাণ ছিল ১০৭ কোটি ৭১ লাখ ডলার। ২৩ কোটি ২২ লাখ ডলার এসেছিল অনুদান হিসেবে। এ সময়ে ঋণ বাবদ দাতাদের ৬৩ কোটি ২৯ লাখ ডলার পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে ইআরডি। এর মধ্যে আসল ৫৩ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার এবং সুদ নয় কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে ৬৩ কোটি ৭৪ হাজার ডলার পরিশোধ করা হয়েছিল। এর মধ্যে আসল ৫৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার ও সুদ ৯ কোটি ৪১ লাখ ডলার। ছয় মাসে ৪৯ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলার ছাড় করে দাতা দেশ ও সংস্থাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সময়ে বিশ্বব্যাংক ছাড় করেছে ৪২ কোটি ৯৭ লাখ ডলার। এছাড়া ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ৯ কোটি ২০ লাখ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১২ কোটি ৮৪ লাখ ১০ হাজার ও চীন ১০ কোটি ৩৭ হাজার ডলার ছাড় করেছে।  

No comments:

Post a Comment