টানা অবরোধ কর্মসূচির মধ্যে কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় দুজন দগ্ধ হয়েছেন। যাত্রীবাহী বাসে বোমা হামলা হয়েছে বগুড়া ও বরিশালেও। রাজশাহীতে দাহ্যজাতীয় কিছু ছোড়ার পর একটি ট্রাক কয়েকটি দোকানের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে। এ সময় ট্রাক ও ১০টি দোকানে আগুন ধরে যায়। এ জেলায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় চালক ও সহকারী দগ্ধ হন। নাটোরে হাতবোমায় একজন কলাবিক্রেতা গুরুতর আহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের। আহত হন অন্তত ৩০ জন। এ ছাড়া যানবাহনে আগুন-ভাঙচুরের ঘটনা ঘটেছে রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, মৌলভীবাজার, নোয়াখালীসহ আরও কয়েকটি স্থানে। অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর বনশ্রীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পরিচয় না মেলা লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ২০তম দিন ছিল গতকাল রোববার। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও জোটের ‘১০ হাজার নেতা-কর্মীকে’ গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনও ছিল গতকাল। এদিন সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সহিংসতা হয় ১৪টি জেলার ১৭টি স্থানে। যানবাহনে আগুন দেওয়া হয় ১৩টি। ভাঙচুর করা হয় আরও চারটি। নাশকতার আশঙ্কা, মামলা ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ২৪১ জনকে। বৃহত্তর চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোটের ডাকে টানা এ অবরোধ চলছে। তবে সহিংসতার শুরু এরও দুই দিন আগে থেকে। গত ২২ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ৩৫ জন। আগুন দেওয়া হয় ৩২৫টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় ৪১২টি। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজধানীতে বাসে হামলা: রাজধানীর কারওয়ান বাজারে গতকাল সকাল পৌনে ১০টার দিকে একটি যাত্রীবাহী মিনিবাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন একজন। তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে ছেড়ে আসা বিহঙ্গ পরিবহনের মিনিবাসটি কারওয়ান বাজারে এলে রাস্তার অন্য পাশ থেকে বাসের সামনে তিন-চারটি ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আতঙ্কে হুড়মুড় করে নামতে গিয়ে অনেকেই সামান্য আহত হন। ককটেলের আঘাতে কাচ ভেঙে হাত কেটেছে মো. শওকত (৩৫) নামের এক যাত্রীর। তিনি বলেন, ‘হঠাৎ করে কয়েকটা শব্দ পাই। এখন কানে আর কিছু শুনতে পাচ্ছি না।’ কবীর হোসেন (২৬) নামের আহত এক যাত্রী বলেন, ‘সিটে বসা ছিলাম, নামতে গিয়ে পা মচকে গেছে। অনেকেই আহত হয়েছেন।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শরবত আলী (৩৫) নামের এক ব্যক্তি ওই ঘটনায় আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি একজন ব্যক্তিগত গাড়িচালক। বাসটির যাত্রী ছিলেন তিনি। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণের পরপরই পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তবে পুলিশের গুলিতে কেউ আহত হননি। ঢাকার বাইরের চিত্র: নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় গত রাতে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে মধু নামের একজন কলাবিক্রেতা ও সাইদুল নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। কলাবিক্রেতা মধুকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সদর উপজেলার গাজীর বিল এলাকায় গত শনিবার রাতে পেঁয়াজবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলায় আহত হয়েছেন এর চালক নজরুল ইসলাম, সহকারী জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী শাহীন আলম। ট্রাকটি পাবনার ঈশ্বরদী থেকে বগুড়ায় যাচ্ছিল। হামলায় ট্রাকটিতে আগুন ধরে যায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় হানিফ মিয়া (২৭) ও মামুন মিয়া (২৮) নামের দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁরা কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য যাত্রীরা দরজা-জানালা দিয়ে কোনো রকমে বেরিয়ে পড়তে সক্ষম হন। শনিবার রাতে সুখিয়া এলাকায় অনন্যা পরিবহনের একটি বাসে এ হামলা হয়। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে গত রাত নয়টার দিকে চালভর্তি একটি ট্রাকে দাহ্যজাতীয় কিছু ছোড়া হয়েছে। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দোকানপাট ভেঙে খাদে গিয়ে পড়ে। ট্রাকটির পাশাপাশি ১০টি দোকানও আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রাকটিতে পেট্টলবোমা ছোড়া হয়। এ ছাড়া একই রাতে চারঘাটে পেট্রলবোমায় এক ট্রাকচালক ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকচালক ষষ্ঠি চন্দ্র দাস (৪৫) ও সহকারী সাহাবুর রহমান (৩৩)। সাড়ে আটটার দিকে উপজেলার হেমন্তের মোড়ে এ হামলা চালানো হয়। ট্রাকচালকের সহকারী শিমুল (২৫) বলেন, ‘গাড়িতে বাইরে থেকে কী যেন এসে পড়ে। আতঙ্কে লাফ দিয়ে চালকের ওপর গিয়ে পড়ি। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি পাশের দোকানপাট ভেঙে খাদে গিয়ে পড়ে। এরপর গাড়ি জ্বলতে থাকে। দোকানপাটও জ্বলতে থাকে। তবে এর আগেই আমরা বেরিয়ে আসি।’ পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ঘটনা নিশ্চিত করেছেন। এ ছাড়া গতকাল সকালে রাজশাহী নগরের ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক ভাঙচুর করে তাতে আগুন দেওয়ার চেষ্টা করেছে হরতাল-সমর্থকেরা। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ আটক করা হয় আরও ৪৮ জনকে। ওদিকে রাজশাহীতে গাড়িবহরে হামলা ও বাস-ট্রাক পোড়ানোর ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ফের হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয় বিএনপি-জামায়াতের ৮৫ নেতা-কর্মীকে। শনিবার রাতে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান মামলাটি করেন। এতে ছাত্রশিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকীকে প্রধান আসামি করা হয়। বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শনিবার সন্ধ্যার পর পার্কিং করা একটি বাসে পেট্রলবোমা ছুড়েছে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। এতে গাড়িতে আগুন লেগে সেটি পুড়ে যায়। এ ছাড়া গৌরনদীতে গাড়ি পোড়ানোর ঘটনায় শনিবার রাতে বিএনপির ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন সরদারকে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে গতকাল পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ছয়জন সদস্য, একজন সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রাতবাজার এলাকা থেকে ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করে শহীদ মিনার এলাকায় গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পাল্টাপাল্টি ধাওয়া থেকে শুরু হয় সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ পিছু হটে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে আশ্রয় নেয়। পরে নেতা-কর্মীরা কার্যালয়টি ঘিরে ফেলে ভাঙচুর চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৮টি রাবার বুলেট ছুড়েছে। নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল পার্কিং করে রাখা পরিবহন প্রতিষ্ঠান টিআর ট্রাভেলস ও ডিপজল এন্টারপ্রাইজের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টিআর বাসের কর্মী জুয়েল রানা ও শাহিন হোসেন জানান, ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনার সময় তাঁরা বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাঁদের ঘুম ভেঙে গেলে তাঁরা দ্রুত বের হতে সক্ষম হন। ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও রংপুরে পণ্যবাহী তিনটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে শনিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর ব্র্যাক মোড়ে একটি চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছোড়া হয়। আর গতকাল ভোরারাতে রংপুরের পীরগঞ্জের খেজমতপুর এলাকায় সার ও কাঁচামালবাহী দুটি ট্রাকে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় ট্রাকচালক ও তাঁদের সহকারীরা লাফিয়ে পড়ে রক্ষা পান। এসব হামলায় জড়িত সন্দেহে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ায় গত রাত সাড়ে আটটার দিকে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় চালক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে বাসটি বগুড়ায় যাওয়ার পথে বাজারদীঘি বাসস্ট্যান্ডের কাছে দুষ্কৃতকারীরা সেটি লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছোড়ে। বাসযাত্রীদের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের উত্তর বাজারে গতকাল সকালে সিমেন্টবোঝাই একটি ট্রাকে ভাঙচুর করেছে হরতাল ও অবরোধ-সমর্থকেরা। পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গতকাল রিপন গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী শহরের মাইজদীতে গতকাল সকালে একটি ইজিবাইকে আগুন দেন অবরোধ-সমর্থকেরা। একটি মোটরসাইকেলও ভাঙচুর করেন তাঁরা। এ ছাড়া চাটখিলে পুলিশের গাড়িতে হামলার চেষ্টাকালে আবু ছায়েদ (২২) ও মাহফুজুর রহমান (২৩) নামের দুই পিকেটারকে আটকের পর দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা ছাত্রদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। ফেনী শহরে গতকাল সাতটি পেট্রলবোমা, একটি ককটেলসহ মোহাম্মদ আজিম ওরফে বোমা আজিম (৩২) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত। বৃহত্তর চট্টগ্রামে কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি তারেক হোসাইনকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। গতকাল দুপুরে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় গতকাল সকালে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা।
No comments:
Post a Comment